tanaka
প্রচ্ছদঅন্যান্য১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক টানাপড়েনের মধ্যে তার এমন বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের এই মন্ত্রী এমন মন্তব্য করলেন।

সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।

তার এই ঘোষণার পর বাংলাদেশের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন বন্দি হিসেবে। তাকে হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশে আনা হবে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা একাধিকবার নয়াদিল্লির কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের পাঠানো অনুরোধ পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখল এবং প্রতিশোধ নেওয়ার বক্তব্য দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনে নতুন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, প্রত্যর্পণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে যখন আলোচনা চলছে, তখন এমন বক্তব্য বিশেষভাবে আলোচনায় এসেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন।