tanaka
প্রচ্ছদসারাদেশসিলেটে হোটেলে আত্মগোপন, বদির ছেলে-ভাইসহ সিন্ডিকেটের চার সদস্য গ্রেপ্তার

সিলেটে হোটেলে আত্মগোপন, বদির ছেলে-ভাইসহ সিন্ডিকেটের চার সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার এড়াতে কক্সবাজার থেকে সিলেটে গিয়েও শেষ রক্ষা হলো না সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির পরিবারের সদস্যসহ তাঁর সিন্ডিকেটের চারজনের। সিলেট নগরের একটি হোটেলে আত্মগোপনে থাকা অবস্থায় রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এ সময় পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও হোটেলটি ঘিরে অবস্থান নেন।

মঙ্গলবার দিবাগত রাতে নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদির ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কক্সবাজার ও ঢাকায় পুলিশের নজরদারিতে থাকায় গ্রেপ্তার এড়াতে তাঁরা সিলেটে চলে আসেন। পরে হোটেলের কয়েকটি কক্ষে অবস্থান নিয়ে আত্মগোপন করেন। তাঁদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতের পর সিলেট নগরের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল ঘিরে ফেলে পুলিশের একাধিক দল। খবর পেয়ে সেখানে উপস্থিত হন নগরের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা। রাত ১টার দিকে ঘটনাস্থলে যান সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু।

এ সময় তিনি জানান, হোটেলে অতিথি পরিচয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছেন।

পরে ভোর ৪টা পর্যন্ত হোটেলটিতে তল্লাশি চালায় সিলেট মহানগর পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের বাইরে যুবদলের নেতাকর্মীরা অবস্থান করায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় গাড়িতে ওঠার আগে বদির ছেলে শাওন আরমান ‘আপা আসছে’ বলে মন্তব্য করেন এবং আঙুল দিয়ে ‘ভি’ চিহ্ন দেখান। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত তাঁদের গাড়িতে তুলে নিয়ে যায়।

এদিকে গ্রেপ্তারের পর হোটেলটির কক্ষ ও অতিথিদের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার থেকে আসা নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৬ জন সেখানে অবস্থান করছিলেন। তাঁরা হোটেলের কয়েকটি কক্ষ ভাড়া নেন। তবে হোটেলের নিবন্ধন তালিকায় কোনো পুরুষের নাম পাওয়া যায়নি। নারীদের নামে কক্ষ ভাড়া নিয়ে পুরুষ সদস্যরা সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, মঙ্গলবার সকালে তাঁরা কক্ষ ভাড়া নেন এবং কয়েক দিন থাকার পরিকল্পনা ছিল তাঁদের। চার পুরুষকে গ্রেপ্তারের পরও সকাল পর্যন্ত নারীরা হোটেলের কক্ষগুলোতে অবস্থান করছিলেন।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির মানবজমিনকে জানান, গ্রেপ্তার চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে পুলিশ তাঁদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারে একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে ইয়াবা পাচার এবং বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা মামলার অভিযোগ রয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।