জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সংসারজীবনে আবারও বিচ্ছেদের খবর এসেছে। তৃতীয় স্বামী গীতিকার ও সংগীত প্রযোজক মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী।
রাত সাড়ে ৯টার দিকে ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলার একসময় অনেক অর্থ ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, এই সময়ে তাদের কাছে আমার অনুরোধ, বিষয়টি বুঝবেন, আমাদের সিদ্ধান্তকে সম্মান করবেন এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।’
জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে গ্রহণ করতে চান জানিয়ে ন্যান্সি লেখেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এই সংসারে তাদের মেহনাজ নামে একটি কন্যাসন্তান রয়েছে।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে মার্জিয়া বুশরা রোদেলা নামে এক কন্যাসন্তানের জন্ম হয়। ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার তৎকালীন কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। এই সংসারে নায়লা নামে এক কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
প্লেব্যাক ও আধুনিক গানে জনপ্রিয়তা পাওয়া ন্যান্সি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কারও পেয়েছেন তিনি।



