tanaka
প্রচ্ছদসারাদেশগোয়াইনঘাট সীমান্তে পাথর সংগ্রহ করতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি শ্রমিক

গোয়াইনঘাট সীমান্তে পাথর সংগ্রহ করতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি শ্রমিক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে সীমান্তের মরকিটিলা এলাকা থেকে তাঁকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তরীণ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মরকিটিলা সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর আনতে গিয়ে তিনি ও তাঁর সহযোগীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ারকে আটক করা হয়।

এদিকে শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তাঁর ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাঁকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে মরকিটিলা এলাকায় পাথর সংগ্রহ করতে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ তাঁকে আটক করে।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাঁকে আটক করেছে। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে।