tanaka
প্রচ্ছদজাতীয়পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পুলিশ বাহিনীকে জনগণের আস্থাভাজন ও বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, পুলিশ সদস্যদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ছয়তলা ভিত্তির ওপর নির্মিতব্য নতুন ভবনটির প্রাথমিক পর্যায়ে চারতলা নির্মাণ করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করেছে এবং সাধারণ মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ ও জনগণের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরির কোনো সুযোগ দেননি।

যশোর কোতোয়ালি থানার ঐতিহাসিক গুরুত্ব এবং মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর সারা দেশে মব সংস্কৃতির সময় বিভিন্ন থানা লুটপাটের শিকার হলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে যশোর কোতোয়ালি থানা রক্ষা করেছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর ভূমিকা অপরিহার্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।