tanaka
প্রচ্ছদসারাদেশযমুনার ভাঙনে ঘরহারা অসহায়রা বঞ্চিত, সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

যমুনার ভাঙনে ঘরহারা অসহায়রা বঞ্চিত, সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন শত শত পরিবার। তবে এসব ক্ষতিগ্রস্ত মানুষের অনেকেই সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, আর্থিকভাবে সচ্ছল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সরকারি বরাদ্দের ঢেউটিন দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গত বন্যায় যমুনার তীব্র ভাঙনে সোনাতনী ইউনিয়নের ধীতপুর, ঘোনাপাড়া ও কুরসী গ্রামের প্রায় ২০০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। কেউ কেউ আবার বাধ্য হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে শতবর্ষী রহিতন নেছা ও তাঁর মেয়ে সালেহা বেগমের দুর্ভোগ সবচেয়ে বেশি। সাতবার নদীভাঙনের শিকার হয়েছে রহিতন নেছার বাড়ি। বর্তমানে মা-মেয়ে অন্যের জমিতে একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করছেন। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। ভাঙা বেড়া দিয়ে রাতে শিয়াল-বেজির মতো প্রাণীও ঘরে ঢুকে পড়ে।

স্বামী পরিত্যক্তা সালেহা বেগমের নিজের কোনো আশ্রয়স্থল নেই। মা-মেয়ে জমির আইল থেকে শাক সংগ্রহ করে জামিরতা বাজারে বিক্রি করেন। এভাবেই তাঁদের সংসার চলে। এমন অসহায় অবস্থায় থেকেও তাঁরা সরকারি সহায়তার টিন পাননি বলে অভিযোগ করেছেন। অথচ তুলনামূলক সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিরা সেই সহায়তা পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোনাতনী ইউনিয়নের ৭০টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ করা দুই বান্ডিল টিনের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। পাশাপাশি পরিবারপ্রতি ছয় হাজার টাকা দেওয়ার কথা থাকলেও অর্থ ছাড় না হওয়ায় এখনো তা বিতরণ করা হয়নি।

তবে বিতরণ করা টিনের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ৭০ জনের তালিকায় অন্তত ২৫ থেকে ৩০ জন আর্থিকভাবে সচ্ছল, রাজনৈতিকভাবে প্রভাবশালী ও দলীয় পরিচয়সম্পন্ন ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ প্রকৃত নদীভাঙনকবলিত নন। এমনকি বরাদ্দ পাওয়া কয়েকজন টিন বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, ধীতপুর ও ঘোনাপাড়া গ্রামের প্রায় ১৫০টি পরিবার বসতভিটা হারালেও সরকারি সহায়তা পেয়েছে মাত্র ছয়টি পরিবার। তাঁদের মধ্যে হাফিজুর রহমান একজন সার ব্যবসায়ী। অন্যদিকে হারুন উর রশিদ ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি। অভিযোগকারীদের দাবি, তাঁদের বাড়িঘর এখনো নদীতে বিলীন হয়নি।

এ ছাড়া বড় চামতারা, ছোট চামতারা, বারোপাখিয়া ও জগতলা গ্রামের কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী এবং প্রভাবশালী ব্যক্তিও সরকারি টিন পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। বারোপাখিয়া গ্রামের আবু বক্কার সিদ্দিক এবং ধীতপুর গ্রামের আব্দুল খালেক, জানে আলম ও আব্দুর রহমান জানান, তাঁদের গ্রামের নদীভাঙন চার-পাঁচ বছর আগেই হয়েছে। অথচ ওই এলাকার ২৫ থেকে ৩০ জন সচ্ছল ব্যক্তি এবার টিন পেয়েছেন। তাঁদের অভিযোগ, ১৫ থেকে ২০ বছর আগে এলাকা ছেড়ে রাজশাহী, নাটোর ও সলঙ্গায় স্থায়ীভাবে বসবাস শুরু করা কয়েকজনের নামও তালিকায় রয়েছে।

সোনাতনী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রফিকুল ইসলাম রবি এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্বাস আলীর অভিযোগ, চলতি বছরে যাঁরা প্রকৃতপক্ষে নদীভাঙনের শিকার হয়েছেন, তাঁদের অনেকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বরং কয়েক বছর আগে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস শুরু করা ব্যক্তিদের সহায়তার জন্য নির্বাচিত করা হয়েছে। তাঁদের দাবি, তালিকা তৈরির আগে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি।

অভিযোগের বিষয়ে টিন পাওয়া হাফিজুর রহমান বলেন, নদীভাঙনে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাঁর বাড়িও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ কারণেই তিনি সরকারি টিন পেয়েছেন।

সোনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, টিন বিতরণের বিষয়টি তিনি শুনেছেন। তবে কারা এই সহায়তা পেয়েছেন, সে বিষয়ে তাঁর জানা নেই।

শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইউনিয়নটিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা পাঁচ শতাধিক হলেও বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৭০টি পরিবারের জন্য। জনপ্রতিনিধিদের সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার যাঁরা সহায়তা পাননি, পরবর্তী সময়ে তাঁদের পাওয়ার সুযোগ থাকতে পারে। তালিকায় নাম না থাকায় কেউ কেউ অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সরকারি টিন বিতরণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি বলেন, সরকারি টিন পাওয়ার ক্ষেত্রে শুধু বন্যা বা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়াই শর্ত নয়; অসহায়, দুস্থ, দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিরাও ঘর নির্মাণের জন্য এই সহায়তা পেতে পারেন। সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করেই তালিকা তৈরি ও টিন বিতরণ করা হয়েছে।