দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অশান্তি সৃষ্টি করে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, অতীতে একটি রাজনৈতিক দল দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার কেড়ে নিয়েছিল। নির্যাতন, মিথ্যা মামলা, কারাবন্দি করা এবং বিভিন্ন ধরনের জুলুমের কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দিনরাত দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সরকার দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে চায় না। বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনের শাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ভবিষ্যতে কেউ যেন কোনো ধরনের অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বন ও পরিবেশমন্ত্রী।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।



