নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় এজাহারভুক্ত একজন এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত হওয়া আরও দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে। জুমার নামাজের পর বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা একটি ঝটিকা মিছিল বের করেন।
মিছিলটি বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে গিয়ে থামে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কয়েকজন ব্যাংক কার্যালয়ের সামনের দরজা ও ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি কার্যালয়ের দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়।
প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বাইরে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনার মাধ্যমে তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, শনিবার সকালে গ্রেফতার ব্যক্তিদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই মিছিলে প্রায় ৩০ জন অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের নাম-পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ।



