ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা চার দিনের ভারী বৃষ্টিতে সুন্দরবনের দুবলার চরে শুঁটকি উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। চাতালে শুকাতে দেওয়া জেলেদের কয়েক কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি সাগর উত্তাল থাকায় মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন হাজার হাজার জেলে। পরিস্থিতির কারণে দুবলার চারটি চরের অস্থায়ী জেলে পল্লীর প্রায় ১০ হাজার জেলে মাছ ধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত চার দিন ধরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে একটানা ভারী বৃষ্টিপাত। এতে চাতালে ও মাচায় শুকানোর জন্য রাখা বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়েছে। তাঁর ধারণা, বৃষ্টিতে কয়েক কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, সাগরে মাছ ধরতে না পারায় জেলেদের আরও কয়েক কোটি টাকার লোকসান হয়েছে।
সুন্দরবনের আলোরকোল শুঁটকি পল্লীর রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, টানা বৃষ্টিতে শুঁটকি তৈরির জন্য মাচায় রাখা বিপুল পরিমাণ কাঁচা মাছ ভিজে পচে গেছে। এতে জেলেদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
একই পরিস্থিতির কথা জানিয়েছেন দুবলার নারিকেলবাড়িয়া চরের শুঁটকি মহাজন আসলাম হোসেন এবং শেলারচরের মহাজন আরিফ হোসেন মিঠু। তাঁদের ভাষ্য, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের অবস্থা অত্যন্ত খারাপ। জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। এর মধ্যে ভারী বৃষ্টিতে অনেক মাছ ভিজে ও ভেসে গিয়ে নষ্ট হয়েছে। ফলে জেলে ও শুঁটকি ব্যবসায়ীরা সবাই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ওসি মো. খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বিশাল ঢেউয়ের পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া এবং হচ্ছে ভারী বৃষ্টিপাত। দুবলার চরাঞ্চলেও বৃষ্টির তীব্রতা বেশি।
তিনি আরও জানান, সাগরের পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় বুধবার থেকে মাছ ধরা বন্ধ রেখেছেন ১০ হাজারের বেশি জেলে। তাঁরা নিজেদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। ফলে মাছ নষ্ট হওয়ার পাশাপাশি সাগরে যেতে না পারার কারণে তাঁদের লোকসানের পরিমাণও বাড়ছে।



