tanaka
প্রচ্ছদসারাদেশ‘আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’, মন্তব্য সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার

‘আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’, মন্তব্য সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার

আগামী ১০ বছরেও সরকারের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। একই সঙ্গে বিগত ১৭ বছরে শিক্ষকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করা শিক্ষকদের প্রমাণসহ তালিকা জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমি গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’ বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে শিক্ষকরা জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, যারা ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদের নাম ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ দিতে হবে। সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সার্বজনীন বদলি কার্যক্রম নিয়ে সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব বিষয়ে কাজ করছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ১৯ জানুয়ারি শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ বিষয়ে ঘোষণা দেওয়ার চেষ্টা চলছে।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে তিনি এনটিআরসিএর সমালোচনা করে বলেন, প্রতিষ্ঠানটি নকল সনদের কারখানায় পরিণত হয়েছে। অতীতে সিলেটের এক নারী শিক্ষককে ভোলায় এবং রংপুরের আরেক নারী শিক্ষককে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির অপেক্ষায় থাকতে গিয়ে অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে। বদলির আবেদন গ্রহণ করা হলেও তা কার্যকর হচ্ছে না কেন, সে প্রশ্ন তুলে তিনি দ্রুত এ কার্যক্রম চালুর দাবি জানান। তার মতে, বদলি কার্যক্রম বাস্তবায়নে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন নেই।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনার বিষয়েও কথা বলেন তিনি। সেলিম ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং শিগগিরই তা বাস্তবায়ন হতে যাচ্ছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে তুলে নিয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি নাকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি বাসে আগুন দিয়েছেন। তিনি বলেন, ওই সময়ের ঘটনাগুলো তারা সহজে ভুলে যাননি।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের পর সমালোচনার প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, একজন বয়স্ক ব্যক্তিকে আটক করা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। অথচ সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ৮৬ বছর বয়সেও আদালতে ঘুরেছেন। তাকে ধরে ধরে আদালতে নিতে হতো এবং হ্যান্ডকাফও পরানো হয়েছিল। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনে আদালতে নেওয়া হতো। তার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল।

পাঠ্যপুস্তকে তথ্য উপস্থাপনের বিষয়েও বক্তব্য দেন সেলিম ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই বইয়ে এসব তথ্য লিখেছেন এবং তাদের ভাড়া করে এ ধরনের লেখা তৈরি করানো হতো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এসব মিথ্যা তথ্য শেখানো হয়েছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, শেখ মুজিব যদি জাতির পিতা হতেন, তাহলে ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা যেত না এবং মৃতদেহ দাফন করার মতো লোকও পাওয়া যেত না।

বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাকশিসের কুমিল্লা শাখার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।