tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকতাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ভারত

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ভারত

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি সফর করছেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। সফরে আগ্রার ঐতিহাসিক তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে এসসিওর নির্ধারিত কর্মসূচির বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার।

২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও সম্মেলনে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন।

২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। এর পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

এসসিও বৈঠকে পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় ভারতের বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। তাদের প্রশ্ন, পেহেলগাম হামলার পর এমন কী পরিবর্তন হয়েছে যে পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে পরিবর্তন আনতে হচ্ছে?

এ ছাড়া পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে মুসাদিক মালিকের আগের আক্রমণাত্মক মন্তব্যও সামনে এনেছে বিরোধী দলগুলো।

জানা গেছে, ভারত সফরের সময় আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী। কিন্তু ভারত সরকার তাঁর সেই আবেদন নাকচ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই সফরে তিনি শুধু এসসিওর নির্ধারিত অনুষ্ঠানগুলোতেই অংশ নিতে পারবেন। এর বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ‘সভ্যতাগত সংলাপ ফোরাম’।

গত ২৮ অক্টোবর ভারত ঘোষণা করেছিল, প্রচলিত রীতি অনুযায়ী পাকিস্তানসহ এসসিওর সব সদস্য দেশকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এসসিও কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ বাড়ানো এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

২০০১ সালে সাংহাইয়ে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এসসিও। পরবর্তী সময়ে সংস্থাটির সদস্যপদ সম্প্রসারিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়। ২০২৩ সালে ইরানও সংস্থাটির সদস্যপদ লাভ করে।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল এসসিওর ‘কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট’ সম্মেলন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ ছাড়া এসসিওর পরবর্তী ‘কাউন্সিল অব হেডস অব স্টেট’ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে গত মাসে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল।