tanaka
প্রচ্ছদসারাদেশনারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৩

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাদের উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলার চাবি খোলা থাকা কিংবা লাইনের লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে দিয়াশলাই বা আগুনের সংস্পর্শে আসতেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

দগ্ধ তিনজনকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীর ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার পর ফ্ল্যাটে গিয়ে তিনি গ্যাসের চুলার চাবি খোলা অবস্থায় দেখতে পান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলা জ্বালানোর সময় সেই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।