চট্টগ্রামের ফটিকছড়িতে লাঠি হাতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নানুপুর বাজার এলাকায় এ মিছিল বের করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নুরুল করিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী এতে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নানুপুর বাজারের বিভিন্ন সড়কে লাঠি হাতে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন নুরুল করিম। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা। ফটিকছড়ি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কর্মসূচি প্রকাশ্যে পালিত হলেও প্রশাসন কেন মিছিলকারীদের আটক করতে পারছে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিগত সরকারের সময় তারা রাস্তায় দাঁড়ানোরও সুযোগ পাননি বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম বলেন, পুলিশের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, দুপুরে ওই এলাকায় মিছিল হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



