স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের প্রযুক্তিনির্ভর জীবনে চার্জিং ক্যাবলের ব্যবহার অপরিহার্য। কিন্তু নিয়মিত ব্যবহারের পরও এই ছোট অনুষঙ্গটির যত্ন নেওয়ার বিষয়ে অনেকেই সচেতন নন। ফলে অল্প সময়ের মধ্যেই ক্যাবলে দেখা দেয় নানা সমস্যা। কখনো চার্জিং সংযোগ বিচ্ছিন্ন হয়, আবার কখনো ডিভাইসে চার্জ নেওয়া বন্ধ হয়ে যায়। অনেকের ধারণা, ক্যাবল গোল করে পেঁচিয়ে রাখলেই দ্রুত নষ্ট হয়। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাবল নষ্ট হওয়ার পেছনে এর চেয়েও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিশেষ করে প্লাগের সংযোগস্থলে অতিরিক্ত চাপ ও বারবার বাঁক পড়লে এর স্থায়িত্ব কমে যায়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা মাইকেল পেচট দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রযুক্তিপণ্যের স্থায়িত্ব নিয়ে গবেষণা করছেন।
তার মতে, চার্জিং ক্যাবল পেঁচিয়ে রাখার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবে গোল করে গুছিয়ে রাখলে ক্যাবল নষ্ট হয়, এমন প্রমাণও পাওয়া যায়নি। তবে ব্যবহারের সময় কিছু অসতর্কতা ক্যাবলের আয়ু কমিয়ে দিতে পারে।
যে কারণে বেশি নষ্ট হয় চার্জিং ক্যাবল
আইফিক্সিটের সহপ্রতিষ্ঠাতা কাইল উইয়েন্সের মতে, অধিকাংশ ক্ষেত্রে ক্যাবলের তার ও প্লাগের সংযোগস্থলেই সমস্যা দেখা দেয়। ক্যাবলের ভেতরে ইনসুলেশন দিয়ে মোড়ানো বেশ কিছু সূক্ষ্ম ধাতব তার থাকে। প্লাগের কাছের অংশে বারবার বাঁক পড়লে এসব তার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রবার্ট হায়ার্স জানান, একই জায়গায় বারবার বাঁক পড়ার ফলে ধাতুর অভ্যন্তরে ক্ষুদ্র পরিবর্তন ঘটে। এতে ধাতু ধীরে ধীরে শক্ত ও ভঙ্গুর হয়ে যায়। একপর্যায়ে তা ভেঙে যেতে পারে। ক্যাবলের ভেতরে থাকা ধাতব তারের ক্ষেত্রেও একই প্রক্রিয়া কাজ করে।
ক্যাবল ভালো রাখতে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
চার্জিং ক্যাবলের স্থায়িত্ব বাড়াতে বিশেষজ্ঞরা কয়েকটি অভ্যাস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।
-
ক্যাবল ধরে টান দিয়ে প্লাগ খুলবেন না। সংযোগ বিচ্ছিন্ন করার সময় প্লাগের শক্ত অংশটি ধরুন।
-
সকেট দূরে থাকলে ক্যাবল টানটান করে ব্যবহার করবেন না। প্রয়োজন অনুযায়ী লম্বা ক্যাবল ব্যবহার করুন।
-
বিছানায় শুয়ে ফোন চার্জ দেওয়ার সময় ক্যাবল অতিরিক্ত বাঁকিয়ে রাখবেন না।
-
গাড়িতে ফোন চার্জ দেওয়ার সময় ফোনের ওজন যেন ক্যাবলের সংযোগস্থলে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখুন।
ব্রেইডেড ক্যাবল ব্যবহারে মিলবে বাড়তি সুরক্ষা
বিশেষজ্ঞদের মতে, ক্যাবল খুব শক্ত করে পেঁচিয়ে রাখা উচিত নয়। তবে স্বাভাবিকভাবে গোল করে গুছিয়ে রাখলে সাধারণত কোনো সমস্যা হয় না। মূলত সংযোগস্থলে অতিরিক্ত চাপ ও বারবার বাঁক পড়া এড়িয়ে চলাই ক্যাবল ভালো রাখার প্রধান উপায়।
পাশাপাশি সস্তা ও নিম্নমানের ক্যাবল কেনার বিষয়েও সতর্ক করেছেন তারা। ভালো মানের ক্যাবল তুলনামূলক দীর্ঘস্থায়ী হয়। এ ক্ষেত্রে ব্রেইডেড ক্যাবল বেছে নেওয়া যেতে পারে। সাধারণ প্লাস্টিকের পরিবর্তে এসব ক্যাবলের বাইরের আবরণ শক্ত বোনা নাইলন বা কাপড় দিয়ে তৈরি করা হয়। ফলে ভেতরের তারগুলো তুলনামূলক ভালো সুরক্ষা পায়।
কাইল উইয়েন্স জানান, অ্যাপলও তাদের সাম্প্রতিক কিছু মডেলের সঙ্গে ব্রেইডেড ক্যাবল সরবরাহ করছে। এ ধরনের ক্যাবলের বাইরের আবরণ বেশি মজবুত হওয়ায় ভেতরের তার সুরক্ষিত রাখার ক্ষেত্রেও সুবিধা পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, চার্জিং ক্যাবলের সঠিক ব্যবহার ও যত্ন নিলে বারবার নতুন ক্যাবল কেনার খরচ কমানো সম্ভব। একই সঙ্গে কমানো যায় ইলেকট্রনিক বর্জ্যও। তাই সামান্য সচেতনতা ও কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই দীর্ঘদিন ভালো রাখা যায় প্রতিদিনের প্রয়োজনীয় এই অনুষঙ্গটি।



