tanaka
প্রচ্ছদজাতীয়১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর ২০০৭ বা তার পূর্বে জন্ম নেওয়া নাগরিকদের নিবন্ধন অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

  • হালনাগাদকৃত খসড়া তালিকা প্রকাশ: ১ নভেম্বর
  • দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিলের শেষ সময়: ১৬ নভেম্বর
  • আবেদন নিষ্পত্তির শেষ সময়: ১৭ নভেম্বর
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৮ নভেম্বর

এর আগে ৩১ আগস্ট প্রকাশিত সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করেই এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।