tanaka
প্রচ্ছদজাতীয়সাবেক আমলাদের অভিযোগ: মন্ত্রণালয়ে আবেদন নিয়ে গেলে হাত-পা ছোড়াছুড়ি করতেন মোখলেস

সাবেক আমলাদের অভিযোগ: মন্ত্রণালয়ে আবেদন নিয়ে গেলে হাত-পা ছোড়াছুড়ি করতেন মোখলেস

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে কোনো আবেদন নিয়ে গেলে তিনি অস্থির আচরণ করতেন—এমন অভিযোগ করেছেন প্রশাসনে কর্মরত ও সাবেক বেশ কয়েকজন আমলা।

রোববার জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) করা হয়েছে। মাত্র ১৩ মাস দায়িত্ব পালনের পর এ পরিবর্তন এলো। এর আগে গত বছরের ২৮ আগস্ট তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

অভিযোগকারীরা জানান, আবেদনকারীদের সঙ্গে তিনি প্রায়ই রূঢ় আচরণ করতেন। হাত-পা ছুড়ে বিরক্তি প্রকাশ করা, ফোন না ধরা, এমনকি সিনিয়র ব্যাচের কর্মকর্তাদেরও অগ্রাহ্য করা ছিল তার স্বভাব। অনেকে মনে করেন, তিনি শুরু থেকেই প্রভাবশালী মহলের হয়ে কাজ করতেন এবং অন্তর্বর্তী সরকার বিদায় না হওয়া পর্যন্ত পদে অটল থাকবেন বলে ভাবতেন। তবে আশ্রয়দাতারা দুর্বল হয়ে পড়ায় তাকে সরতে হলো।

সংক্ষুব্ধ কর্মকর্তারা জানান, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে আর্থিক লেনদেন, বিতর্কিত কর্মকর্তাদের পুনর্বাসনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যাচমেট ও অধীনস্ত অনেক কর্মকর্তাই তার আচরণে ক্ষুব্ধ ছিলেন। এসব অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।

মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর থেকেই তিনি সমালোচনায় পড়েন। বিশেষ করে ৫১ জেলায় ডিসি নিয়োগের সময় কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগে দেশজুড়ে তোলপাড় হয়। পরে গঠিত তদন্ত কমিটি অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানালেও রিপোর্ট প্রকাশ না হওয়ায় জনমনে প্রশ্ন থেকে যায়।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে ড. মো. মোখলেস উর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।