tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনশাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা মনে করেন আরিয়ান, চান নিজস্ব পরিচয়

শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা মনে করেন আরিয়ান, চান নিজস্ব পরিচয়

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে হিসেবে সব সময়ই আলোচনায় থাকেন আরিয়ান খান। চেহারা, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের কারণে বাবার সঙ্গে প্রায়ই তুলনা করা হয় তাকে। তবে শাহরুখের পরিচয়ের বাইরে নিজের কাজের মাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করাই তার লক্ষ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তরুণ নির্মাতা আরিয়ান।

বাবার সঙ্গে তুলনার বিষয়টি কীভাবে দেখেন— এমন প্রশ্নের জবাবে আরিয়ান বলেন, বিশ্বের অন্যতম সেরা একজন ব্যক্তির সঙ্গে তুলনা হওয়াকে তিনি প্রশংসা হিসেবেই দেখেন। শাহরুখকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী বলেও উল্লেখ করেন তিনি।

পরিচালনার প্রতি নিজের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আরিয়ান জানান, কোনো চিন্তা বা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পুরো প্রক্রিয়াটি তার ভালো লাগে। কাগজে একটি ধারণা লিখে ফেলা থেকে শুরু করে সেটিকে পূর্ণাঙ্গ কাজে পরিণত করা পর্যন্ত প্রতিটি ধাপই উপভোগ করেন তিনি।

আরিয়ানের মতে, চলচ্চিত্রে গল্প বলার ধরনই একজন পরিচালকের কাজকে অন্যদের থেকে আলাদা করে। গল্প হয়তো একই থাকে, কিন্তু সেটি কীভাবে নতুনভাবে উপস্থাপন করা যায় কিংবা তাতে ভিন্ন মোড় আনা যায়, সেটিই পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

শাহরুখকন্যা সুহানা খান বাবার পথ অনুসরণ করে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বর্তমানে বাবার ‘কিং’ সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুহানা।

অন্যদিকে অভিনয়ের পরিবর্তে পরিচালনাতেই নিজের ভবিষ্যৎ খুঁজছেন আরিয়ান। ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। প্রথম কাজেই পরিচালকের দায়িত্ব সামলে নিজের নির্মাণশৈলীর পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন শাহরুখপুত্র।