tanaka
প্রচ্ছদসারাদেশরাজস্ব ও ভর্তুকির চাপে কমছে উন্নয়ন বিনিয়োগ, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

রাজস্ব ও ভর্তুকির চাপে কমছে উন্নয়ন বিনিয়োগ, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

কম রাজস্ব আদায়, অনুন্নয়ন খাতে বাড়তি ব্যয় এবং জ্বালানি ভর্তুকির বোঝায় বাংলাদেশের উন্নয়ন বিনিয়োগ সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন প্রতিবেদন ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’-এ অর্থনীতির বিভিন্ন দুর্বলতা তুলে ধরে দ্রুত রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় সংস্কারের তাগিদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। বিশ্বব্যাংকের মতে, এই লক্ষ্য অর্জনে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির কৌশলের কেন্দ্রে রাখতে হবে। পাশাপাশি সবার জন্য ঢালাও ভর্তুকি না দিয়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে সহায়তা নিশ্চিত করতে হবে।

প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির পাঁচটি প্রধান দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে কর্মসংস্থানের সংকট। তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান শ্রমশক্তির তুলনায় পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে, দেশের মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।

দ্বিতীয় বড় সমস্যা রাজস্ব আদায়ে দুর্বলতা। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় এই হার অর্ধেকেরও কম, যা সরকারের উন্নয়ন ব্যয়ের সক্ষমতাকে সীমিত করছে।

তৃতীয়ত, উন্নয়ন ও শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। একই সময়ে শিক্ষায় সরকারি ব্যয় নেমে এসেছে জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে।

চতুর্থ দুর্বলতা হিসেবে উঠে এসেছে ঋণের সুদ পরিশোধের ক্রমবর্ধমান ব্যয়। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে সরকারের ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। পাশাপাশি সরকার অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

পঞ্চম সমস্যা জ্বালানি খাতের ভর্তুকি। বিদ্যুৎ ও গ্যাস খাতে ২০১৭-১৮ অর্থবছরে ভর্তুকির পরিমাণ ছিল জিডিপির ০ দশমিক ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫ শতাংশে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে সরকারের এই ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রাজস্ব আয় বাড়ানো এবং অর্থনৈতিক চাপ কমাতে বিশ্বব্যাংক পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করেছে। প্রথমত, কর প্রশাসনকে আধুনিক ও কার্যকর করতে হবে। এ জন্য করনীতি প্রণয়ন এবং কর আদায়ের প্রশাসনিক কার্যক্রম পৃথক করার পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে চালু করতে হবে একক করদাতা শনাক্তকরণ নম্বর।

দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় কর অব্যাহতি ও ছাড় কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই সময়ে সরকারের মোট আদায় করা কর রাজস্বের প্রায় সমান। এ পরিস্থিতি পরিবর্তনে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাণিজ্য শুল্ক ব্যবস্থায় সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তৃতীয়ত, জ্বালানির মূল্য নির্ধারণে স্বচ্ছ ও নিয়মভিত্তিক ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গঠন এবং উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের কথা বলা হয়েছে।

চতুর্থত, ভর্তুকি ব্যবস্থাকে আরও লক্ষ্যভিত্তিক করার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। তাই ঢালাও ভর্তুকির পরিবর্তে সামাজিক নিবন্ধন ব্যবস্থা শক্তিশালী করা এবং ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্মের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পঞ্চমত, রাজস্ব সংস্কারের মাধ্যমে সরকারের আয় বাড়লে সেই অর্থ স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করার সুপারিশ করেছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত সংস্কারগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। সংস্থাটির মতে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য অর্জনে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি সরকারি ব্যয়ের দক্ষতা ও অগ্রাধিকার পুনর্নির্ধারণ জরুরি।