গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ চার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
পরিদর্শনকারী দলের অন্য সদস্যরা হলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সফরকালে কর্মকর্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার থানাগুলোও ঘুরে দেখার কথা রয়েছে তাদের। এ ছাড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ সভায় অংশ নেবেন তারা।
এদিকে, কয়েক দিনের সহিংস পরিস্থিতির পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ওই রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর বৃষ্টির কারণে সকাল পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। শুধু ওষুধ ও খাবারের দোকানগুলো খোলা দেখা গেছে।



