tanaka
প্রচ্ছদরাজনীতিএবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, তীব্র নিন্দা দলের

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, তীব্র নিন্দা দলের

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এ ঘটনার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দলটির নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, মুখোশ ও মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে চেয়ারম্যানের গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে তারা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। এতে আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটির একাংশ পুড়ে যায়।

যৌথ বিবৃতিতে এবি পার্টির দুই নেতা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগের চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

বিবৃতিতে তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। তাদের অভিযোগ, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।

দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান নেতারা।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।