রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। আগুনে দুটি বাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় পল্লবী থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বরের সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে দাঁড় করানো ছিল। অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান দুটি বাসে অগ্নিসংযোগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট কাজ করেছে।



