কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে এক ভারতীয় নারীসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে বিজিবির পাশাপাশি সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
অভিযানে আটক ছয়জন হলেন মো. জীবন মিয়া (২৮), মো. খোকন (৪৮), মো. জিলানী (২৫), টুটুল খান টিটু (৩০), আপন (৩৩) ও শরীফুল ইসলাম (৩৩)। তারা ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা।
এ ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নাজমা বেগম সাইকিয়া (৩১) নামে এক ভারতীয় নারীকে আটক করা হয়েছে। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, আটক ব্যক্তিরা চিহ্নিত মানব পাচারকারী। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।



