বিবাহবিচ্ছেদ মানেই জীবনের শেষ নয়, বরং নতুনভাবে পথচলা শুরুর সুযোগ—এমন বার্তা দিয়ে দক্ষিণ কোরিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন এক নারী। দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর প্রচলিত সামাজিক ধারণাকে উপেক্ষা করে আয়োজন করেছেন ব্যতিক্রমী ‘ডিভোর্স পার্টি’। তার এই আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা।
৩৭ বছর বয়সী ওই নারীর নাম চো সেউং-ইয়ন। জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। আয়োজনের ধরনও ছিল বেশ ব্যতিক্রমী। দেখতে অনেকটা বিয়ের সংবর্ধনার মতো অনুষ্ঠানে সাদা পোশাক পরে অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন চো। এ সময় বিশেষভাবে তৈরি একটি কেকও কাটেন তিনি।
তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে আবেগঘন হয়ে ওঠে অতিথিদের উদ্দেশে দেওয়া তার বক্তব্য। চোখের পানি সামলেও নিজের আত্মসম্মান ও ব্যক্তিগত অধিকারের বিষয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেন তিনি।
চো বলেন, ‘ভালোবাসা পাওয়ার জন্য আমি আর নিজেকে ছোট করব না। যাই ঘটুক না কেন, আমি আর কখনো নিজেকে একা ফেলে দেব না।’
তার এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই প্রকাশ্যে বিবাহবিচ্ছেদ উদযাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের মতে, বিচ্ছেদ ব্যক্তিগত জীবনের বিষয়; তাই এমন ঘটনাকে আনুষ্ঠানিকভাবে উদযাপনের প্রয়োজন নেই।
অন্যদিকে, অনেকে চো-এর সাহসিকতা ও আত্মসম্মানবোধের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘স্বাধীনতার আনন্দ উপভোগ করো। নতুন জীবনের জন্য শুভকামনা।’ আরেকজন লিখেছেন, ‘দারুণ একটি ভাবনা! আয়োজনটি সত্যিই ভালো লেগেছে।’
আরেক নেটিজেনের ভাষ্য, বিয়ে যেমন জীবনের স্বাভাবিক একটি ঘটনা, বিবাহবিচ্ছেদও তেমনি স্বাভাবিক। বিচ্ছেদকে স্বাভাবিকভাবে গ্রহণ করার অর্থ এটি উৎসাহিত করা নয়; বরং বিচ্ছেদের পর একজন মানুষের নতুন করে জীবন শুরু করার অধিকারকে সম্মান জানানো।
এ বিষয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে চো সেউং-ইয়ন জানান, দক্ষিণ কোরিয়ার সমাজে বিবাহবিচ্ছেদ করা নারীদের ঘিরে যে নেতিবাচক ধারণা ও সামাজিক ট্যাবু রয়েছে, তা ভাঙাই ছিল তার মূল লক্ষ্য। একই সঙ্গে নিজের পরিচয় ও আত্মমর্যাদা নতুন করে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদ উপলক্ষে এমন উৎসবের আয়োজন এখনো বিরল। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিচ্ছেদকে অনেক সময় সামাজিক লজ্জার বিষয় হিসেবে দেখা হয়। সময়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলেও বিষয়টি এখনো অনেকের কাছে ব্যক্তিগত, সংবেদনশীল ও বেদনাদায়ক ঘটনা। এমন বাস্তবতায় চো সেউং-ইয়নের ডিভোর্স পার্টি দেশটির প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।



