দীর্ঘ ১৮ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটার হিসেবে মাঠে তার উপস্থিতি শেষ হলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্কের অবসান হচ্ছে না। ২০২৭ সালের আইপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
আগামী মৌসুমের জন্য খেলোয়াড় ধরে রাখার তালিকা প্রকাশের শেষ দিনে ধোনির নতুন ভূমিকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। এর ফলে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে তার দীর্ঘ খেলোয়াড়ি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে মাঠে না থাকলেও ধোনি সবসময়ই দলের পরিবারের অংশ হয়ে থাকবেন। তার মতে, চেন্নাই সুপার কিংসের পরিচয়ের সঙ্গে ধোনি গভীরভাবে জড়িয়ে আছেন এবং এই ফ্র্যাঞ্চাইজিই তার প্রকৃত ঠিকানা।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। তার অধিনায়কত্বে পাঁচবার আইপিএল শিরোপা জয়ের পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি ঘরে তোলে দলটি।
ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করে শ্রীনিবাসন বলেন, তাকে ছাড়া চেন্নাই সুপার কিংসের কথা ভাবাই কঠিন। প্রায় দুই দশকের পথচলায় দলটি ধোনির নেতৃত্বে যেমন সাফল্য পেয়েছে, তেমনি ব্যর্থতা ও কঠিন সময়ও মোকাবিলা করেছে। পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতেই এই সম্পর্ক এতটা দৃঢ় হয়েছে। ২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তকে নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।
চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথন মনে করেন, ধোনির অর্জন কেবল মাঠের পারফরম্যান্স কিংবা শিরোপা জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। চেন্নাই শহর ও সেখানকার মানুষের সঙ্গে তার যে গভীর আত্মিক বন্ধন তৈরি হয়েছে, সেটিই তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। শহরের মানুষও ধোনিকে নিজেদের একজন হিসেবে আপন করে নিয়েছেন।
খেলোয়াড় হিসেবে ধোনিকে না পাওয়ার অভাব অনুভূত হলেও মেন্টর হিসেবে তার অভিজ্ঞতা ও পরামর্শ দলের জন্য কার্যকর হবে বলে আশা করছেন বিশ্বনাথন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করা এবং ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনায় ধোনির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন তিনি।
আইপিএলে ধোনির পরিসংখ্যানও তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের সাক্ষ্য দেয়। এখন পর্যন্ত ২৭৮ ম্যাচে ২৪২ ইনিংস ব্যাট করে ৫ হাজার ৪৩৯ রান করেছেন তিনি। ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করা এই উইকেটকিপার-ব্যাটারের নামের পাশে রয়েছে ২৪টি অর্ধশতক। আইপিএলে তার ব্যাট থেকে এসেছে ৩৭৫টি চার ও ২৬৪টি ছক্কা। তবে এত দীর্ঘ ক্যারিয়ারেও কোনো সেঞ্চুরির দেখা পাননি ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।



