tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বরদাশত করা হবে না: শিক্ষকরা

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বরদাশত করা হবে না: শিক্ষকরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক। এ সময় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমসহ যেকোনো ধরনের অগণতান্ত্রিক ও সহিংস তৎপরতা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি এবং দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচারের মতো ঘটনার পরও নতুন করে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কিংবা কোনো ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ইতোমধ্যে এসব ঘটনায় জড়িত কয়েকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তারা।

একই সঙ্গে ক্যাম্পাসে শান্তি, নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং পরমতসহিষ্ণুতার চর্চা বাড়ানোর আহ্বান জানান শিক্ষকরা।