tanaka
প্রচ্ছদসারাদেশজয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা রতন চৌধুরী গ্রেফতার

জয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা রতন চৌধুরী গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার রতন চৌধুরী সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি তিনি। অভিযোগ রয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। এ ছাড়া মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গ্রেফতারের পর সোমবার (১৬ নভেম্বর) রতন চৌধুরীকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, একই মামলায় এর আগে প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ক্ষেতলাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান সনিকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মেহেদী হাসানি ইটাখোলা বাজার এলাকার মোফাজ্জলের ছেলে।