tanaka
প্রচ্ছদরাজনীতিপাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

ডিসেম্বর মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কোনো দলের কর্মসূচির পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় সতর্ক পাহারা দেওয়ার মতো উদ্যোগ না নিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব নির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, ডিসেম্বর মাসজুড়ে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও পৃথকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করবে। এর মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নানা তৎপরতার মধ্যে বিএনপির এই কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত এসেছে।

সূত্র জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আয়োজনের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করত, সেই ধরনের কোনো উদ্যোগও নিতে নিষেধ করেছেন তিনি।

বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন নেতা। জবাবে তারেক রহমান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে।

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনে থাকার পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে চায়। বিশেষ করে বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।