যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছে ইরান। এমনকি ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে বন্ধ রাখা কিংবা এর মাত্রা কমানোর বিষয়েও কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অবস্থানের কথা জানিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতার বিনিময়ে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে বা এর মাত্রা কমাতে সম্মত হবে কি না, সে বিষয়ে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না।
তিনি আরও বলেন, দুই দেশ এখনো এমন কোনো পর্যায়ে পৌঁছায়নি। পারমাণবিক ইস্যু ঘিরে বিস্তারিত কোনো বিষয় নিয়েও এ সময়ের মধ্যে তাদের মধ্যে আলোচনা হয়নি।
সূত্র: আল-জাজিরা



