tanaka
প্রচ্ছদঅন্যান্য… পদ্মায় জেলের জালে ১৭ কেজির পাঙাশ, বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

… পদ্মায় জেলের জালে ১৭ কেজির পাঙাশ, বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর উজানে জেলে পিমা হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে পিমা হালদার জানান, শনিবার রাতে কয়েকজন সহযোগীকে নিয়ে নৌকায় করে মাছ শিকারে নদীতে যান তিনি। সেখানে জাল ফেলে দীর্ঘ সময় অপেক্ষা করলেও প্রথমে কোনো মাছের দেখা মেলেনি। পরে রোববার ভোরের দিকে হঠাৎ জালে জোরে টান অনুভব করেন তারা। এতে বড় কোনো মাছ আটকা পড়েছে বুঝতে পেরে জাল তুলে দেখতে পান বিশাল আকৃতির একটি পাঙাশ।

পরে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে বিক্রি করা হয়। তিনি প্রতি কেজি ২ হাজার টাকা হিসাবে মাছটির দাম দেন ৩৫ হাজার টাকা।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা যুগান্তরকে জানান, রোববার ভোরে দৌলতদিয়া মাছবাজারের ইউসুফ মোল্লার আড়ত থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের পাঙাশটি কিনেছেন তিনি। এর দাম পড়েছে মোট ৩৫ হাজার টাকা। মাছটি বিক্রির জন্য মুঠোফোনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ চলছে।