অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও নিজস্ব স্টাইলের কারণে বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এবার ভিন্নধর্মী সাজে সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন তিনি। আধুনিক শাড়ি, জমকালো ব্লাউজ আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। প্রথম সিনেমাতেই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পোশাক, সাজসজ্জা ও ফ্যাশনেও বরাবরই নিজের স্বতন্ত্র রুচির পরিচয় দিয়ে আসছেন তিনি। ফলে তার নতুন কোনো ছবি প্রকাশ্যে এলেই তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে সম্পূর্ণ ভিন্ন এক সাজে ধরা দিয়েছেন সুনেরাহ। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ জীবনের এই সময়ে নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া এবং নিজের জন্য সময় দেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
ছবিতে অভিনেত্রীর পরনে দেখা গেছে অ্যাশ-পার্পল বা ধূসর-বেগুনি রঙের আধুনিক নকশার একটি জমকালো শাড়ি। এর সঙ্গে ভারী পাথর ও চুমকির কারুকাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ তার সাজে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া।
সাজের সঙ্গে মিল রেখে কানে পরেছেন ঝুলন্ত পাথরের দুল। হাতে ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ঢেউ খেলানো চুলের স্টাইল তার পুরো লুকে এনেছে স্নিগ্ধতা ও গ্ল্যামারের সমন্বয়।
সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বকীয়তা ধরে রেখে আবারও ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন সুনেরাহ।



