জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনে নতুন ডিজিটাল পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। নতুন এই ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিয়ে জাতীয় স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন।
রোববার (১৫ নভেম্বর) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ‘ডিজিটাল কনসুলার সার্ভিসেস পোর্টাল’ বা আউসল্যান্ডসপোর্টালের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা নতুন করে ভিসার আবেদন করতে পারবেন।
নতুন ডিজিটাল পদ্ধতিতে দূতাবাসে সরাসরি যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়তাকারী প্রতিষ্ঠান ভিএফএস (VFS) প্রাথমিক পর্যায়ে জমা দেওয়া নথিগুলো যাচাই করবে। এতে দূতাবাসে গিয়ে আবেদনসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগের তুলনায় কম সময় লাগবে বলে আশা করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের দূতাবাসে উপস্থিত হয়ে মূলত বায়োমেট্রিক তথ্য প্রদান এবং কাগজপত্রের চূড়ান্ত যাচাই সম্পন্ন করতে হবে। এ ছাড়া অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড ব্যবহার করে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানা যাবে। পরিবারের একাধিক সদস্য চাইলে একই সময়ে যৌথভাবেও আবেদন করতে পারবেন।
তবে নতুন এই ব্যবস্থার সঙ্গে পুরোনো আবেদনকারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের অংশ হিসেবে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ফলে আগে যারা নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাদের পুরোনো নিবন্ধন আর কার্যকর থাকবে না।
এমনকি আগের নিবন্ধন নতুন ডিজিটাল ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করারও সুযোগ থাকছে না। তাই পুরোনো তালিকায় থাকা শিক্ষার্থীদের নতুন করে ডিজিটাল পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জার্মানির স্টুডেন্ট ভিসার নতুন আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, নির্দেশনা ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে দেশটির সরকারি ডিজিটাল কনসুলার সার্ভিসেস পোর্টালে।
আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট: https://digital.diplo.de



