২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে গত ৯ নভেম্বর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্টের আবেদন করেছেন বলেও জানা গেছে। তার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে মৃত্যুদণ্ডের রায়, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির মধ্যে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে না পারলে দলটির নেতাকর্মীদের কাছে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও আওয়ামী লীগের ভাবমূর্তি কী দাঁড়াবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে গণ-অভ্যুত্থানের পেছনের কারণগুলো পর্যালোচনা না করে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা দলটির জন্য নতুন সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো দৃশ্যমান উদ্যোগ আওয়ামী লীগের মধ্যে নেই।
১৯৭৫ সালের মর্মান্তিক ঘটনার পর টানা ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। দীর্ঘ বিরতি শেষে ১৯৯৬ সালে ক্ষমতায় ফেরার আগে অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং রাজনৈতিক আচরণে পরিবর্তনের বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু হাজার হাজার মানুষের হত্যা ও গুমের অভিযোগ ওঠার পরও দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট অনুশোচনা কিংবা ভুল স্বীকারের উদ্যোগ দেখা যায়নি। বরং ষড়যন্ত্রের বয়ান সামনে এনে এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা চলছে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, এই কৌশল আদৌ দলটির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে কি না। কারণ আওয়ামী লীগের বর্তমান সংকট কেবল সাংগঠনিক দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নয়।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচারপ্রক্রিয়া এখনো চলমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতাও একই ধরনের অপরাধের অভিযোগে অভিযুক্ত। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ যত বেশি সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবে, দেশে অবস্থানরত নেতাকর্মীদের গ্রেফতার ও আইনি জটিলতায় পড়ার আশঙ্কা তত বাড়বে।
নতুন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা কিংবা দেশে অশান্ত পরিবেশ তৈরির পেছনে আওয়ামী লীগের প্রকৃত উদ্দেশ্য কী, তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। অনেকের ধারণা, রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই শেখ হাসিনার পক্ষ থেকে আন্দোলনের নামে নাশকতার পরিকল্পনা শুরু হয়েছে। কেউ কেউ এর পেছনে একটি প্রভাবশালী দেশের ইঙ্গিত থাকার কথাও বলছেন। তবে এসব কর্মকাণ্ডের রাজনৈতিক লক্ষ্য বা যৌক্তিকতা সম্পর্কে জনগণের সামনে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। ফলে কেবল নেত্রীকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে বোমা ও ককটেল হামলার মতো ঘটনা সাধারণ মানুষের সমর্থন পাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বরং এতে জনসমর্থন অর্জনের বদলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কর্তৃত্ববাদী ও একগুঁয়ে শাসনের কারণে শেখ হাসিনার প্রতি মানুষের অসন্তোষ তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকারের মাত্র দশ মাসের শাসনামলেই জনগণের মধ্যে একই ধরনের বিরক্তি তৈরি হয়েছে—এমন চিত্র এখনো স্পষ্ট নয়। ফলে লক্ষ্য ও কৌশলহীন আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক তৎপরতা দলটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, তা অনিশ্চিত।
এদিকে গণ-অভ্যুত্থানের আগে ও পরে শেখ হাসিনার পরিবারের অধিকাংশ সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিদেশে অবস্থান করছেন। তাদের বিলাসী জীবনযাপন নিয়ে জনমনে নানা আলোচনা রয়েছে। অন্যদিকে মধ্যম ও তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী গত দুই বছর ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরির মাধ্যমে তুলনামূলক স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার কারণে তাদের মধ্যে আবারও গ্রেফতার আতঙ্ক তৈরি হয়েছে। এতে দলের শীর্ষ নেতৃত্ব ও শেখ পরিবারের প্রতি তৃণমূলের ক্ষোভ বাড়ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। নেতাদের বিদেশে অবস্থানের বিপরীতে মাঠপর্যায়ের কর্মীদের নতুন করে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে—এমন অসন্তোষও তৈরি হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ বর্তমানে যে কর্মকাণ্ড চালাচ্ছে, তা রাজনীতি নয়; বরং অপরাজনীতি। ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে জোর করে ক্ষমতায় ফেরার চিন্তা বাস্তবসম্মত নয়। এ পথে ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত কম। তিনি আরও বলেন, জুলাই গণহত্যার দায় আওয়ামী লীগ এখনো স্বীকার করেনি। দায় স্বীকার না করলে পুনর্মিলন বা সমঝোতার কোনো সুযোগ তৈরি হয় না। দলটি অপরাধের দায় মেনে নিলে ক্ষমার বিষয়টি আলোচনায় আসতে পারত, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ দেখা যায়নি।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই সাধারণত নিজেদের ভুল স্বীকার করতে চায় না। রাজনীতিকদের মধ্যে এমন ধারণা রয়েছে, ভুল মেনে নিলে জনগণ তাদের পরাজিত বা দুর্বল মনে করবে। এ কারণেই রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইতে অনাগ্রহী। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাইয়ের গণ-অভ্যুত্থানকেই স্বীকার করে না। ফলে তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশের প্রশ্নও আসছে না।
রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, আওয়ামী লীগের অতীতের রাজনৈতিক আচরণ ও বর্তমান তৎপরতার মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। অতীতে বিরোধী দলের আন্দোলন দমনে শক্তি প্রয়োগ, ভিন্নমতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা এবং কেন্দ্রীয় নেতৃত্বের একক সিদ্ধান্তে দল পরিচালনার যে প্রবণতা গড়ে উঠেছিল, তা থেকে সরে আসার কোনো স্পষ্ট বার্তা এখনো পাওয়া যায়নি। আত্মসমালোচনা, নেতৃত্বের দায় নির্ধারণ কিংবা সাংগঠনিক সংস্কারের পরিবর্তে দ্রুত ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষাই দলটির কাছে বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
সরকারি দল বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, সহিংসতা ও নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। তবে এসব কর্মকাণ্ডে দলটির কোনো রাজনৈতিক লাভ হবে না বলে মনে করেন তারা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা যারা করছেন, তারা এখনো বাংলাদেশের মানুষকে চিনতে পারেননি। দেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দিতে চায় না। তিনি জানান, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা জনগণের কাছেও স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতে, অতীতের অপকর্মের জন্য ক্ষমা না চেয়ে এবং ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে আওয়ামী লীগের আগেভাগে রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়া চরম হটকারিতা। তিনি যুগান্তরকে বলেন, স্বাধীনতার পর জাসদও এ ধরনের হটকারী রাজনীতির কারণে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছিল। আওয়ামী লীগের ককটেল হামলা ও নাশকতার উদ্দেশ্য কী, তা দলটি পরিষ্কার করেনি। কী কারণে তাদের পতন হয়েছে, তা পর্যালোচনা না করে ঝটিকা মিছিল ও ককটেল হামলার মাধ্যমে ‘আপা ফিরবেন’—এমন ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, আওয়ামী লীগ আবারও ভুল রাজনৈতিক কৌশলের ফাঁদে পড়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, আওয়ামী লীগ কখনোই সঠিক রাজনৈতিক পথে ছিল না। রাজনীতিতে ফেরার চেষ্টা হিসেবে দলটি বাসে আগুন দেওয়া, বোমা ও ককটেল বিস্ফোরণ এবং মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে, রাজনৈতিকভাবে ফিরে আসার প্রথম শর্ত হলো অতীতের কর্মকাণ্ডের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া। এরপর জনগণ ক্ষমা করলে রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনায় আসতে পারে। তবে গণহত্যার সঙ্গে জড়িতদের জনগণ ক্ষমা করবে বলে তিনি মনে করেন না। বর্তমান পদ্ধতিতে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের তৎপরতা প্রতিহত করতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন জামায়াতের এই নেতা।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মনে করেন, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার পথ সংকুচিত করছে। তিনি বলেন, রাজনৈতিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে দলটিকে প্রথমে কঠোর আত্মপর্যালোচনা করতে হবে। পাশাপাশি কর্মনীতি সংশোধন এবং নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ জরুরি। কিন্তু আওয়ামী লীগের মধ্যে এ ধরনের পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, এবি পার্টি আওয়ামী লীগকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনগতভাবে মোকাবিলার পক্ষে। তার মতে, আওয়ামী ফ্যাসিবাদের হাতে নির্যাতিত ও নিপীড়িত সব পক্ষ এ বিষয়ে ঐক্যবদ্ধ থেকে যথাযথ ভূমিকা পালন করলে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন আরও কঠিন হয়ে পড়বে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনও আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কৌশলের সমালোচনা করেন। তিনি বলেন, দলটি বারবার একই ধরনের ভুল রাজনীতির পুনরাবৃত্তি করছে। ২০০৪ সালে রাজধানীর শাহবাগে বাসে গানপাউডার ব্যবহার করে মানুষ হত্যার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সেই প্রবণতায় এখনো কোনো পরিবর্তন আসেনি। জুলাই গণ-অভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষকে হত্যা ও অসংখ্য মানুষকে পঙ্গু করার পরও দলটির মধ্যে ন্যূনতম অনুশোচনা দেখা যাচ্ছে না। এ কারণে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরশাসকের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শাসকদের রাজনৈতিকভাবে ফিরে আসার নৈতিক ভিত্তি থাকে না। আওয়ামী লীগের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এ কারণেই দলটি এখন ভুল রাজনৈতিক পথে এগোচ্ছে বলে মনে করেন তিনি।



