দেশের নগর উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা। তাদের মতে, কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক প্রভাবের কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর কার্যকারিতা ক্রমেই কমছে। এসব প্রতিষ্ঠানকে কার্যত বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধনের কাজে সীমাবদ্ধ রাখা হচ্ছে। ফলে নগর পরিকল্পনায় নাগরিকদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে অবকাঠামোগত সমস্যা ও জনদুর্ভোগ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইমন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ।
সংলাপে আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক হেলিমুল আলম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সাবেক সহসভাপতি খালিদ সাইফুল্লাহ ও সহসভাপতি ফয়সাল খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনায় অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, স্বাধীনতার সাড়ে পাঁচ দশকের বেশি সময় পার হলেও দেশের নগর ব্যবস্থাপনায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকসের গ্লোবাল সিটিজ র্যাঙ্কিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।
আবাসন পরিকল্পনার অসংগতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আগে আবাসিক এলাকায় চার থেকে পাঁচতলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখন ১৪ তলা ভবন নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে। এতে নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার চাপ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। অথচ বাড়তি মানুষের চাহিদা মেটাতে পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সিটি করপোরেশনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে না।
স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতার পেছনে রাজনৈতিক দলীয়করণ ও আমলাতান্ত্রিকতাকে দায়ী করেন আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক খোঁড়াখুঁড়ির মতো সমস্যায় নাগরিকরা কার্যকর প্রতিকার পাচ্ছেন না।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০ থেকে ১২ সদস্যের ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে সিটি করপোরেশনকে শুধু পরিচ্ছন্নতা ও মশকনিধনের কাজে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয়ের ক্ষমতা দেওয়ার আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, নগরীর মহাপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। শুধু পরিকল্পনা তৈরি করলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়; সেটি বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি।
তিনি আরও বলেন, নগরীর সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাতসহ বিভিন্ন অবকাঠামোর তথ্য ডিজিটাল মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে এসব তথ্যের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। একাধিক পরিকল্পনার পরিবর্তে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবসম্মত ও কার্যকর মহাপরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ বলেন, ১৯৬০ সালে দেশের মাত্র ৫ শতাংশ মানুষ শহরে বসবাস করলেও বর্তমানে নগর এলাকায় বসবাসকারীর হার বেড়ে প্রায় ৪২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। অথচ দেশের ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগের জনবল মাত্র ৯০ জন। পাশাপাশি পৌরসভাগুলোতে অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি শূন্য রয়েছে। পর্যাপ্ত জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে পরিকল্পিত নগরায়ণ ব্যাহত হচ্ছে।
সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ভৌত বা স্থানিক পরিকল্পনা কাউন্সিল গঠন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পনা বিভাগ চালুর প্রস্তাব দেন তিনি। এসব বিভাগে পরিকল্পনাবিদ ও ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস) বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পরামর্শও দেন এই নগর পরিকল্পনাবিদ।
পাঁচ সাংবাদিক পেলেন নগর সাংবাদিকতা পুরস্কার
নগর সংলাপের সমাপনী পর্বে বিভিন্ন বিভাগে পাঁচ সাংবাদিকের হাতে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে ‘ঢাকাই’ ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—
-
নগর সংস্থার সেবা ও দুর্ভোগ (অনলাইন ও প্রিন্ট): ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান।
-
নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি: কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম এবং এশিয়া পোস্টের লতিফুল ইসলাম।
-
নগর পরিকল্পনা: ডেইলি সানের রাশেদুল হাসান।
-
টেলিভিশন বিভাগ: চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব।



