টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ কেনার জন্য বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলনের পরও বিতরণ না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আক্তার বানুর বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে আট শিক্ষার্থীর জন্য বরাদ্দ দেওয়া এই অর্থ উত্তোলনের দীর্ঘ সময় পার হলেও কোনো শিক্ষার্থীই সহায়ক সামগ্রী পায়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
নিয়ম অনুযায়ী, গত জুন মাসের মধ্যে বরাদ্দের অর্থ ব্যয় করে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্র, ক্রাচ ও ওষুধসহ বিভিন্ন সহায়ক উপকরণ সরবরাহ করার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার সহায়ক উপকরণ বিতরণের উদ্যোগ নেয়। এ কর্মসূচির আওতায় ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আট শিক্ষার্থীর তালিকা তৈরি করে উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়। তাদের জন্য মোট ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা কর্মকর্তা অর্থ উত্তোলন করলেও শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেননি।
তালিকাভুক্ত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত কেউই সরকারি এই সহায়তা পায়নি। দরিদ্র এসব পরিবারের অনেকেই আর্থিক সংকটের কারণে সন্তানদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়ক সামগ্রী জোগাড় করতে পারছেন না।
চর অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দুই শিক্ষার্থী তানিয়া ও সোনিয়া। দুই বোনকে নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের বাবা রফিকুল ইসলামের। তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের সংকট আরও প্রকট হয়েছে।
একই বিদ্যালয়ের বাক্প্রতিবন্ধী শিক্ষার্থী সুবর্ণা আক্তারের পরিবারও চরম অসহায় অবস্থায় রয়েছে। আট মাস আগে সৌদি আরবে তার বাবা মারা যান। আর্থিক সংকটের কারণে বাবার মরদেহও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তিন মেয়েকে নিয়ে অভাব-অনটনের মধ্যে দিন পার করছেন সুবর্ণার মা।
অন্যদিকে, ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাজিনও বাবাকে হারিয়েছে। তার বাবা বুলবুল ইসলাম মারা যাওয়ার পর মাকে নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটছে তার।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসহ তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বরাদ্দের কোনো সুফল শিক্ষার্থীরা পায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আক্তার বানু বলেন, ‘সুযোগ বুঝে শিক্ষার্থীদের মধ্যে উপকরণগুলো বিতরণ করা হবে।’



