tanaka
প্রচ্ছদসারাদেশস্ত্রীর দায়ের করা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর দায়ের করা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, পদ থেকে সাময়িক অব্যাহতি

পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণসংক্রান্ত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ।

এর এক দিন পর শনিবার (১৪ নভেম্বর) দলীয় পদ থেকে তাকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মামলার বাদী শাহীনা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী দীর্ঘদিন ধরে কোনো খোঁজখবর রাখছেন না। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ার পাশাপাশি তার ভরণপোষণের দায়িত্বও পালন করছেন না। বিভিন্নভাবে চেষ্টা করেও স্বামীর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে নিজের আইনগত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের আশ্রয় নিয়েছেন তিনি।

শাহীনা আক্তারের আরও অভিযোগ, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান আখন্দের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।