বাড়িতে গ্লুকোমিটারের সাহায্যে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করেন অনেকেই। তবে পরীক্ষার সময় কিছু সাধারণ ভুলের কারণে প্রকৃত মাত্রার চেয়ে ভিন্ন ফল আসতে পারে। বিশেষ করে আঙুল অতিরিক্ত চেপে রক্ত বের করা, হাত ভালোভাবে পরিষ্কার না করা কিংবা খাবারের পর পরীক্ষার সময় নির্ধারণে ভুল করা—এসব বিষয় ফলাফলে প্রভাব ফেলতে পারে।
ভারতীয় চিকিৎসক প্রমোদ ত্রিপাঠীর পরামর্শ অনুযায়ী, বাড়িতে গ্লুকোজ পরীক্ষা করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন।
খাবার শেষ নয়, শুরু থেকে দুই ঘণ্টার হিসাব
খাবারের পর রক্তে শর্করা পরীক্ষার ক্ষেত্রে দুই ঘণ্টার সময় গণনা শুরু করতে হবে খাওয়া শুরুর মুহূর্ত থেকে। খাবার শেষ করার পর থেকে নয়। উদাহরণস্বরূপ, দুপুর ১টায় খাওয়া শুরু করে ১টা ৩০ মিনিটে শেষ করলে বিকেল ৩টায় রক্তে শর্করা পরীক্ষা করতে হবে।
ফাস্টিং সুগার পরীক্ষায় মানতে হবে নিয়ম
সকালে ফাস্টিং সুগার মাপার আগে অন্তত আট ঘণ্টা কোনো খাবার গ্রহণ করা যাবে না। ঘুম থেকে ওঠার পর দাঁত মাজা, হাঁটাহাঁটি কিংবা চা পান করার আগেই পরীক্ষা করা ভালো। বিশেষ করে পরীক্ষার আগে কোনো খাবার বা পানীয় গ্রহণ করলে ফলাফল প্রভাবিত হতে পারে।
আঙুলে অতিরিক্ত চাপ দেওয়া বিপজ্জনক
অনেকেই আঙুল ফুটানোর পর পর্যাপ্ত রক্ত না বের হলে জোরে চাপ দিয়ে রক্ত বের করেন। কিন্তু এতে রক্তের সঙ্গে আশপাশের টিস্যুর তরল মিশে পরীক্ষার ফল প্রভাবিত হতে পারে। তাই পরীক্ষার আগে দুই হাত হালকাভাবে ঘষে আঙুল উষ্ণ করে নেওয়া যেতে পারে। এরপর আঙুল ফুটিয়ে স্বাভাবিকভাবে রক্ত বের হওয়ার অপেক্ষা করতে হবে।
স্যানিটাইজার নয়, সাবান-পানিতে হাত পরিষ্কার করুন
গ্লুকোজ পরীক্ষার আগে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া উচিত। হাতে খাবার, চিনি বা অন্য কোনো পদার্থের অবশিষ্টাংশ থাকলে পরীক্ষার ফল ভুল আসতে পারে। তাই হাত পরিষ্কারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।
প্রতিবার নতুন ল্যানসেট ব্যবহার করুন
একই সুচ বা ল্যানসেট বারবার ব্যবহার করা উচিত নয়। বারবার ব্যবহারে সুচের ধার কমে যেতে পারে। এতে আঙুলে বেশি ব্যথা, ত্বকের ক্ষতি এবং সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। তাই প্রতিবার রক্ত পরীক্ষার জন্য নতুন ও জীবাণুমুক্ত ল্যানসেট ব্যবহার করা নিরাপদ।
সঠিক ফল পেতে আরও যা মনে রাখবেন
গ্লুকোমিটারে রক্তে শর্করার নির্ভুল ফল পেতে যন্ত্র ও টেস্ট স্ট্রিপের নির্দেশনা অনুসরণ করা জরুরি। পরীক্ষার ফল অস্বাভাবিক হলে বা শারীরিক অবস্থার সঙ্গে না মিললে পুনরায় পরীক্ষা করুন। একই ধরনের অস্বাভাবিক ফল পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: আনন্দবাজার



