ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়লেও দেশটির রাজনীতিতে উগ্র ডানপন্থি প্রভাব সহজে শেষ হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বিশেষ করে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের গড়ে তোলা রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো ভবিষ্যতেও ইসরাইলের নীতিনির্ধারণে প্রভাব রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
গাজায় যুদ্ধ চালানো এবং প্রতিবেশী দেশগুলোতে সামরিক অভিযান পরিচালনার বিষয়ে ইসরাইলের অধিকাংশ রাজনৈতিক নেতার অবস্থানে মিল থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন এই দুই কট্টর ডানপন্থি মন্ত্রী।
সম্প্রতি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নিয়ে নতুন ঐক্য সরকার গঠনের সম্ভাবনা সামনে আসতেই নেতানিয়াহুর জোটের দুই প্রভাবশালী মন্ত্রী এর বিরোধিতা করেন। বেন-গভির স্পষ্টভাবে জানিয়ে দেন, ইসরাইলের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষায় নেতানিয়াহুকে তাঁকে অথবা আইজেনকোটকে বেছে নিতে হবে। অন্যদিকে স্মোট্রিচ তাঁর মিত্র দলগুলোকে সতর্ক করে বলেন, আইজেনকোটের সঙ্গে সমঝোতা করলে নেতানিয়াহু ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তাঁদের রাজনৈতিকভাবে ছুড়ে ফেলে দিতে পারেন।
২০২২ সালে উগ্র ডানপন্থি দলগুলোর সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেন নেতানিয়াহু। সেই সরকারের অংশ হিসেবে স্মোট্রিচ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি পশ্চিম তীরের প্রশাসনিক কর্তৃত্ব লাভ করেন। অন্যদিকে বেন-গভিরকে দেওয়া হয় জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব।
সরকারে যোগ দেওয়ার পর গত তিন বছরে নিজেদের কট্টর আদর্শ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনেছেন তাঁরা। গাজায় মানবিক সহায়তা সীমিত করা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক চাপ বাড়লে নেতানিয়াহু যখনই কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করেছেন, তখনই জোট ছাড়ার হুমকি দিয়েছেন এই দুই মন্ত্রী। প্রকাশ্যেই তাঁরা গাজা দখল এবং সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে অবস্থান নিয়েছেন।
এ ছাড়া পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন তাঁরা। ২০২৫ সালের জুনে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস তাঁদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। একই সময়ে কয়েকটি পশ্চিমা দেশ তাঁদের সম্পদ জব্দের পদক্ষেপ নেয়।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সরকার থেকে এই দুই মন্ত্রী বাদ পড়লে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ এক রকম হবে না। গবেষক আরি পার্লিগারের ধারণা, বেন-গভিরের রাজনৈতিক অবস্থান অনেকটাই উত্তেজনাপূর্ণ বক্তব্য ও জনসমর্থন তৈরির ওপর নির্ভরশীল। ফলে বিরোধী দলে চলে গেলে তিনি বরং আরও বেশি রাজনৈতিক সুবিধা পেতে পারেন।
অন্যদিকে স্মোট্রিচের রাজনৈতিক শক্তির মূল ভিত্তি সরকারি ক্ষমতা ও বাজেট ব্যবহারের সুযোগ। প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনে পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নস্যাৎ করার লক্ষ্যে কাজ করেছেন তিনি। তাই সরকারি ক্ষমতা হারালে স্মোট্রিচ তুলনামূলকভাবে বেশি ক্ষতির মুখে পড়বেন বলে মনে করেন বিশ্লেষকরা।
তবে সরকার থেকে বিদায় নিলেও তাঁদের তৈরি করা প্রশাসনিক পরিবর্তনগুলো সহজে প্রত্যাহার করা সম্ভব হবে না। বেন-গভির পুলিশ বাহিনীর কাঠামো ও নেতৃত্বে নিজের রাজনৈতিক আদর্শের প্রভাব বিস্তার করেছেন। পাশাপাশি ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে কঠোর আচরণসংক্রান্ত নীতি চালু এবং শুধু ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন প্রণয়নে ভূমিকা রেখেছেন।
বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রশাসনের বিভিন্ন স্তরে তাঁদের নিয়োগ দেওয়া কর্মকর্তা এবং প্রতিষ্ঠিত নিয়মকানুন পরিবর্তনে ভবিষ্যৎ সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাছাড়া ইসরাইলের প্রায় ১০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে এসব উগ্র ডানপন্থি দলের পেছনে। ফলে রাজনৈতিকভাবে তাঁদের প্রভাব দ্রুত কমে যাওয়ার সম্ভাবনাও কম।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হিসেবে বিশ্লেষকরা ইসরাইলি সমাজে ফিলিস্তিনিবিরোধী মনোভাবের বিস্তারকে চিহ্নিত করছেন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের সময়ে ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষ ও বৈষম্য সামাজিকভাবে আরও স্বাভাবিক হয়ে উঠেছে বলে তাঁদের দাবি। গাজায় ৭৪ হাজারের বেশি মানুষের মৃত্যু, ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে অপরাধ বৃদ্ধি এবং পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত থাকলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।
সাবেক ফিলিস্তিনি পার্লামেন্ট সদস্য আইদা তুমা-সুলেইমানের মতে, ইসরাইলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাস্তায় কিংবা গণপরিবহনে আরবি ভাষায় কথা বলতেও অনেকে ভয় পাচ্ছেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক মিত্রদের নীতির ফলে বর্ণবাদী মনোভাব এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা প্রকাশকেই দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহু ক্ষমতা হারালেও তাঁর জোটের উগ্র ডানপন্থি রাজনীতির প্রভাব ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা ও সমাজ থেকে দ্রুত মুছে ফেলা কঠিন হবে।
সূত্র: আল-জাজিরা



