tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিজামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, সর্বোচ্চ ১০ লাখ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তা...

জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, সর্বোচ্চ ১০ লাখ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তা ও শিক্ষার্থীরা

ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য ঋণসুবিধা সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে ব্যাংক। এ স্কিমে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ স্কিমে অর্থায়ন করা হবে। সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে এ উদ্যোগ। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, তাদের জীবনমান উন্নয়ন এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানোই এর মূল উদ্দেশ্য।

কারা ঋণের জন্য আবেদন করতে পারবেন

নতুন নীতিমালায় প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এ সুবিধা পেতে আবেদনকারীর ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। যাদের এমন হিসাব নেই, তাদের নতুন করে হিসাব খুলতে হবে।

ঋণ পাওয়ার যোগ্য পেশাজীবীদের তালিকায় রয়েছেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। এ ছাড়া আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকেরাও এ সুবিধার আওতায় থাকবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ সেবাদাতা, মোবাইল আর্থিক সেবার এজেন্ট, তথ্য ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই ও পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজির ব্যবসায়ীরা ঋণ নিতে পারবেন।

এ ছাড়া হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী এবং ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ স্কিমের সুবিধা পাবেন। ফ্রিল্যান্সার এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদেরও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহক ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। বিশেষ করে প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী, স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ১০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো কৃষক যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস কিংবা কোভিড-১৯-এর মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর অঞ্চলের স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরও এ ঋণ দেওয়ার কথা বলা হয়েছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশ থেকে দেশে ফিরে আসা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরাও ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য এ স্কিমে ঋণ নিতে পারবেন।

শিক্ষার্থীদের জন্যও বিশেষ ঋণসুবিধা রাখা হয়েছে। ২৫ বছরের কম বয়সী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পাবেন। এ ক্ষেত্রে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে তাদের অভিভাবককে।

১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পেশা বা ব্যবসা শুরু করতেও শিক্ষার্থীরা ঋণ নিতে পারবেন। এ ছাড়া এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের গ্যারান্টির ভিত্তিতে অর্থায়নে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

সর্বোচ্চ ঋণ ১০ লাখ, পাঁচ লাখ পর্যন্ত জামানত লাগবে না

নতুন নির্দেশনায় একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সীমা নির্ধারণ করা হয়েছে। তবে ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর প্রকৃত প্রয়োজন যাচাই করতে হবে।

পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত নেওয়া যাবে না। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে ব্যাংক।

দলগত ঋণের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। দুই থেকে পাঁচজন সদস্য মিলে একটি দল গঠন করতে পারবেন। প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। সে হিসাবে একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাবে। তবে ঋণ পরিশোধের দায় প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত ও যৌথভাবে বহন করতে হবে।

অনুমোদিত ঋণের সমপরিমাণ অর্থ গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে।

সুদ ও ঋণ পরিশোধের মেয়াদ

এ স্কিমে অংশ নেওয়া ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার কোনোভাবেই বছরে ৭ শতাংশের বেশি হতে পারবে না।

ঋণের অপরিশোধিত অংশের ওপর সুদ বা মুনাফা হিসাব করা হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করে অর্থায়ন করতে পারবে। তবে সেসব ব্যাংকও গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ হারে মুনাফা নিতে পারবে।

ঋণ পরিশোধের আগে গ্রাহক সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। এ সময়সহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে পাঁচ বছর বা ৬০ মাস।

গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর ব্যাংকগুলো ত্রৈমাসিক কিস্তিতে ঋণের আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ আদায় করবে। তবে গ্রাহকের সুবিধা বিবেচনায় মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক কিস্তিতেও অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

যারা ঋণ পাবেন না

নতুন নীতিমালা অনুযায়ী, ঋণখেলাপিরা এ স্কিমের আওতায় ঋণ নিতে পারবেন না। এ ছাড়া বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্প, পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ সমন্বয় না করা থাকলেও নতুন করে এ সুবিধা পাওয়া যাবে না।

ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর আগের ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য সিআইবি প্রতিবেদন সংগ্রহে কোনো ফি নেওয়া যাবে না।

কোন মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় হবে

ব্যাংকগুলো নিজস্ব শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, অনলাইন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় করতে পারবে।

এজেন্ট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঋণ বিতরণ এবং অর্থ আদায়ের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চার্জের বাইরে ঋণ প্রক্রিয়াকরণের নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ব্যাংকের। প্রতি তিন মাসের ঋণ বিতরণ ও আদায়ের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে পাঠাতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সরেজমিনে পরিদর্শনও করতে পারবে।

এ স্কিমে অংশ নিতে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সঙ্গে চুক্তি করতে হবে। পাশাপাশি ঋণের আসল ও সুদ বা মুনাফা পরিশোধের নিশ্চয়তা দিয়ে পৃথক ডিপি নোট জমা দিতে হবে।