tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপুরুষ চিকিৎসকের কাছে যাওয়া নিষিদ্ধ, চিকিৎসাসেবা নিয়ে সংকটে আফগান নারীরা

পুরুষ চিকিৎসকের কাছে যাওয়া নিষিদ্ধ, চিকিৎসাসেবা নিয়ে সংকটে আফগান নারীরা

আফগানিস্তানে তালেবানের একটি গোপন নির্দেশের কারণে পুরুষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিতে পারছেন না নারীরা। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও দেশটির বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এ বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে জরুরি ও সাধারণ স্বাস্থ্যসেবা পেতেও চরম ভোগান্তির মুখে পড়ছেন নারী রোগীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত দ্য গার্ডিয়ান ও জান টাইমসের প্রতিবেদনে এ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।

হেরাতের বাসিন্দা ফরিদার (ছদ্মনাম) অভিজ্ঞতা এ সংকটের একটি উদাহরণ। তীব্র দাঁতের ব্যথা নিয়ে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা শুরু করেছিলেন তিনি। কিন্তু চিকিৎসা চলাকালে তাকে জানানো হয়, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুরুষ দন্তচিকিৎসকেরা এখন থেকে নারী রোগীদের চিকিৎসা করতে পারবেন না। ফলে গত তিন মাস ধরে তার চিকিৎসা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। ব্যথার কারণে স্বাভাবিকভাবে খাবার খেতেও পারছেন না তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ না করেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালাচ্ছেন। এ সময় পুরুষ চিকিৎসকদের সতর্ক করে বলা হচ্ছে, নারী রোগীকে চিকিৎসা দিলে তাদের কারাগারে পাঠানো হতে পারে।

চিকিৎসকদের আরও জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতেও কোনো নারী রোগীকে একা চিকিৎসা দেওয়া যাবে না। চিকিৎসাসেবা দিতে হলে তার সঙ্গে অবশ্যই একজন পুরুষ অভিভাবক বা মাহরাম থাকতে হবে। পাশাপাশি চিকিৎসার পুরো প্রক্রিয়ায় নারী নার্সের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিছু এলাকায় নারী রোগীদের প্রকৃত নাম ধরে ডাকতেও নিষেধ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্রে নামের পরিবর্তে শুধু ‘বিবি’ লিখতে বলা হচ্ছে।

তালেবানের এ বিধিনিষেধের কারণে তৈরি হওয়া সংকট আরও গভীর হয়েছে নারী চিকিৎসকের স্বল্পতায়। ২০২৪ সালের শেষ দিক থেকে নারীদের চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা এবং নতুন নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। ফলে একদিকে পুরুষ চিকিৎসকদের কাছ থেকে সেবা নেওয়ার সুযোগ সীমিত হচ্ছে, অন্যদিকে প্রয়োজনীয় সংখ্যক নারী চিকিৎসকও পাওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে আফগান নারীদের স্বাস্থ্যসেবা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে জরুরি চিকিৎসা ও বিশেষায়িত সেবার ক্ষেত্রে তাদের ঝুঁকি বাড়ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান ও জান টাইমস