tanaka
প্রচ্ছদআদালতশেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি তার আইনজীবীর

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি তার আইনজীবীর

আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেননি দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

রোববার (২১ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জেরার সময় তিনি এ দাবি করেন।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেবে দুই দিন সাক্ষ্য দেন নাহিদ ইসলাম।

জবানবন্দিতে নাহিদের বক্তব্য প্রত্যাখ্যান করে আমির হোসেন বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনের জন্য ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার ফল ছিল। এই আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল। তিনি আরও বলেন, দেশি-বিদেশি শক্তির প্রভাবেই ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

স্টেট ডিফেন্সের এ বক্তব্যে আপত্তি জানায় প্রসিকিউশন। তাদের মতে, মামলার বাইরে এই ধরনের আলোচনা করা যায় না এবং মামলা সম্পর্কিত বিষয়েই জোর দেওয়া উচিত।

শেখ হাসিনার আইনজীবী বলেন, ড. ইউনূসকে জড়িয়ে কোনো মন্তব্য সমীচীন নয়, তবে সাক্ষীর বক্তব্যের কারণে উল্লেখ করতে হচ্ছে। তিনি আরও জানান, শেখ হাসিনা ও কামালকে নির্দোষ মনে করেন এবং আন্দোলন দমন বা জনজীবন ক্ষতিসাধনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি। মূলত জনগণের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি, তাই আসামিরা দায়ী নন।

আমির হোসেনের প্রশ্নের জবাবে সাক্ষী নাহিদ ইসলাম এসব তথ্যকে মিথ্যা বলে দাবি করেন। তিনি আরও জানান, ৫ আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিষয়ে সমন্বয়ক হাসনাত-সারজিসের কাছে থেকে তথ্য পেয়েছেন।

দ্বিতীয় দিনের জেরা আজ বেলা ১১টার পর শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। জেরার পরে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।

এর আগে, ১৮ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টা থেকে ট্রাইব্যুনালে ৪৭ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো জেরা দেন নাহিদ ইসলাম। দুপুরে বিরতি শেষে বিকেল ৪টা পর্যন্ত তাকে স্টেট ডিফেন্স আইনজীবীরা জেরা করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও অন্যান্যরা।