বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর শুরুতেই নানা বিতর্ক ও জটিলতার মুখে পড়েছে। পুয়ের্তো রিকোর সান জুয়ান শহরে জমকালো গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি চললেও এরই মধ্যে বিভিন্ন কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয়েছে ১৫টি দেশের প্রতিনিধিকে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত বিরোধের কারণে এশিয়ার ছয়টি দেশের অংশগ্রহণ বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ফ্র্যাঞ্চাইজি জটিলতার কারণে এবারের আসরে অংশ নিতে পারছেন না থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সুন্দরীরা। তবে এই পরিস্থিতির মধ্যেই সুখবর পেয়েছে ভিয়েতনাম। আগামী বছর অনুষ্ঠিতব্য ৭৬তম মিস ইউনিভার্স আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি।
এদিকে ফ্র্যাঞ্চাইজি বিরোধের পাশাপাশি ভিসা জটিলতাও এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিনিধিরা পুয়ের্তো রিকো যেতে পারছেন না।
শুধু সাংগঠনিক ও ভিসাসংক্রান্ত সমস্যাই নয়, ব্যক্তিগত কারণ এবং দুর্ঘটনার জন্যও কয়েকজন প্রতিযোগী এবারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন।
অস্ট্রিয়ার প্রতিনিধি ভিক্টোরিয়া অ্যামারসন নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, বুলগেরিয়ার প্রতিনিধি আনা-মারিয়া গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজকরা তাকে এবারের প্রতিযোগিতায় অংশ নিতে দেননি।
এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে সরে গেছেন ফ্রান্সের সামুদ্রিক অঞ্চল সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। অন্যদিকে, কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করেই প্রতিযোগিতা ছেড়েছেন মালদ্বীপের আমিনাত ইউইন মোহাম্মদ ও মরক্কোর সারা আল্লালি।
সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি বিরোধ, ভিসা জটিলতা, দুর্ঘটনা ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এবারের মিস ইউনিভার্সের ৭৫তম আসরে একাধিক দেশের প্রতিনিধির অনুপস্থিতি প্রতিযোগিতার শুরুতেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।



