tanaka
প্রচ্ছদরাজধানীবৃহস্পতিবার বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা

বৃহস্পতিবার বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বসছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াত পরিবেশিত হবে। সম্মেলনের আয়োজন করা হয়েছে মসজিদের পূর্ব চত্বরে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট ক্বারিরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন মিশরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের ক্বারী আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ ক্বারী ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ। পাশাপাশি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী হাফেজ ও ক্বারিরাও অনুষ্ঠানে তিলাওয়াত করবেন।

সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীনের।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআনের তিলাওয়াত ও ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে কোরআনচর্চার দীর্ঘ ঐতিহ্য বিশ্ববাসীর সামনে উপস্থাপনের সুযোগ তৈরি হবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি আলেম-ওলামা, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেবেন।

অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আয়োজকেরা জানান, দেশে কোরআন শিক্ষা ও তিলাওয়াতের প্রসার, ক্বিরাতশাস্ত্রের চর্চা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো করার লক্ষ্যেই কাজ করছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।