tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআলোচনায় অগ্রগতি হলে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম: ট্রাম্প

আলোচনায় অগ্রগতি হলে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সঙ্গে গ্রহণযোগ্য ও শক্তিশালী কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা তাঁর পক্ষ থেকে খুবই কম। তবে একটি শক্তিশালী চুক্তি না হলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে গড়াতে পারে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হামলা পুনরায় শুরু হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ৩৮টি সেতুও রয়েছে। তাঁর দাবি, মাত্র এক ঘণ্টার মধ্যেই এসব স্থাপনা ধ্বংস করার সক্ষমতা রয়েছে মার্কিন বাহিনীর।

এদিকে, রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘টাস্কফোর্স আয়রন গেট’ সম্পূর্ণ কার্যকর রয়েছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন বন্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় জাহাজে হামলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, প্রণালিসংলগ্ন জলসীমায় দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য একটি জাহাজে আগুন লেগেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে সেন্ট কিটসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেটিকে চলাচলের অযোগ্য করে দেওয়া হয়েছে। জাহাজটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।

ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির ওপর নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক আঘাত হানা হবে।

এদিকে, শনিবার ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের দাবি, এসব বিস্ফোরণ কোনো ক্ষেপণাস্ত্র হামলার কারণে ঘটেনি। বরং জলসীমায় ইরানি সামরিক বাহিনীর তৎপরতার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অন্যান্য পণ্য পরিবহনব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়ছে।

সূত্র: রয়টার্স