ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পৃথক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে তিন দেশ।
রোববার (২১ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আজ আমি স্পষ্টভাবে বলছি—যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, “বর্তমান ইসরাইলি সরকার পরিকল্পিতভাবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করছে। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, গাজায় ধারাবাহিক হামলা, লাখো মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য অংশীদারিত্বের প্রস্তাব রাখছে।”
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে বলেন, কানাডা ও যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টায় নতুন গতি সৃষ্টির অংশ।



