tanaka
প্রচ্ছদজাতীয়রোববার থেকে ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টি বাড়তে পারে

রোববার থেকে ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টি বাড়তে পারে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এসব অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় দেশজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে। এর ফলে যেসব অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, সেখানে তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হচ্ছে। গতকাল শুক্রবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে প্রায় বৃষ্টিহীন অবস্থা বিরাজ করেছে, আর ঢাকায় হালকা বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বর্ষা মৌসুম শেষ হওয়ার পথে। তবে এ সপ্তাহের শেষ দিকে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা সারাদেশে বৃষ্টিপাত বাড়াতে পারে। বিশেষ করে রোববার ও সোমবার ঢাকা বিভাগে বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, তবে এরপর তা আবার কিছুটা কমে যেতে পারে।

আজ শনিবারও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের এক-দু’টি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।