আজকের ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া জীবন অসম্ভব। পেমেন্ট, সিনেমা দেখা, দূর-দূরান্তে যোগাযোগ, চ্যাট—সবকিছুই এখন ফোনের উপর নির্ভরশীল। কিন্তু স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে কিছু সাধারণ সমস্যা দেখা দেয়, যেমন ফোন গরম হয়ে যাওয়া এবং ব্যাটারি ফুলে যাওয়া।
ফুলে যাওয়া ব্যাটারি গুরুতর বিপদের কারণ হতে পারে। এটি বিস্ফোরণ বা আগুন ধরাতে পারে। বিশেষ করে ভেতরে ফিক্সড ব্যাটারির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রতিস্থাপন করা জরুরি। চার্জ দেওয়ার সময় ব্যাটারি আরও বিপজ্জনক হয়ে ওঠে কারণ ভেতরের গ্যাস বিষাক্ত ও দাহ্য। এমন পরিস্থিতিতে ব্যাটারি নিজে ফেলে দেবেন না, বরং অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে সঠিকভাবে বদলান বা ইলেকট্রনিক ওয়েস্ট সংগ্রহ কেন্দ্রে জমা দিন।
ব্যাটারি ফুলে যাওয়ার কারণ
- লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি: ব্যাটারির ভেতরে পাতলা ধাতু ও প্লাস্টিকের স্তরের মধ্যে রাসায়নিক জেল থাকে। ব্যাটারি সিল করা অবস্থায় গরম বা রাসায়নিক বিক্রিয়ার কারণে এই জেল গ্যাসে পরিণত হলে ব্যাটারি ফুলে যায়।
- অতিরিক্ত চার্জিং: বারবার ফোন চার্জ দেওয়া বা দীর্ঘ সময় চার্জে রেখে দেওয়ার ফলে গরম ও রাসায়নিক বিক্রিয়ার কারণে গ্যাস তৈরি হয়।
- ব্যাটারির বয়স: সাধারণত ব্যাটারি ২–৩ বছর স্থায়ী। এরপর স্বাভাবিক ক্ষয় শুরু হয়।
- ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা শর্টসার্কিট: ভেতরের সেলে সমস্যা থাকলেও ব্যাটারি ফুলে যেতে পারে।
প্রতিরোধের উপায়
- ফোনকে দীর্ঘ সময় ১০০% চার্জে রাখবেন না।
- চেষ্টা করুন ফোন চার্জ ২০–৮০% পর্যায়ে রাখার।
- ব্যাটারি ২–৩ বছরের বেশি হলে নতুন ব্যাটারি প্রতিস্থাপন করুন।
- সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
- ফোনকে অতিরিক্ত গরম হতে দেবেন না; গেম খেলার সময় বা রোদে রাখার বিষয়টি এড়িয়ে চলুন।



