রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় প্রায় অর্ধশত নেতাকর্মীর অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মিরপুর রোডের দারুস সালাম থানা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে তা শেষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক। তিনি জানান, সন্ধ্যার দিকে দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মিছিলে প্রায় ৫০ জন অংশ নেন। তারা কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের নির্দেশনায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়।



