tanaka
প্রচ্ছদরাজধানী১ নভেম্বর থেকে রাজধানীর ৬ রুটে চালু হচ্ছে ৬ কোম্পানির বাস

১ নভেম্বর থেকে রাজধানীর ৬ রুটে চালু হচ্ছে ৬ কোম্পানির বাস

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট কমানোর লক্ষ্যে ‘এক রুট, এক কোম্পানি’ পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১ নভেম্বর থেকে ঢাকার ছয়টি প্রধান রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে পাঁচটি নন-এসি এবং একটি এসি রুটে এ ব্যবস্থা চালু করা হবে।

গত ১৮ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সভায় বাস চলাচলের রুট, পরিচালনাকারী প্রতিষ্ঠান, বাসের সংখ্যা ও নির্ধারিত স্টপেজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, প্রাথমিক কার্যক্রম শুরুর দুই মাস পর আরও তিনটি সার্কুলার রুট এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্যায়ে নির্ধারিত ছয়টি রুট হলো—গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির, গাবতলী-ডেমরা, দুয়ারীপাড়া-সদরঘাট, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর এবং মিরপুর-১২-মাওয়া।

এসব রুটে একাধিক পরিবহন প্রতিষ্ঠানকে সমন্বিত করে যৌথভাবে বাস পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির রুটে বাস চালাবে বিকাশ পরিবহন, বিকাশ সেবা ট্রান্সপোর্ট ও ডিভাইস পরিবহন। গাবতলী-ডেমরা রুটে দায়িত্ব পালন করবে আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখী পরিবহন ও রইছ পরিবহন।

অন্যদিকে, দুয়ারীপাড়া-সদরঘাট রুটে দিশারী, তানজিল, মেট্রো লিংক ও ট্রান্সসিলভা পরিবহন যৌথভাবে বাস পরিচালনা করবে। ঘাটারচর-ডেমরা এবং ঘাটারচর-কাঁচপুর রুটে দায়িত্বে থাকবে রমজান, মালঞ্চ, মিডলাইন ও রজনীগন্ধা পরিবহন।

এ ছাড়া মিরপুর-১২-মাওয়া রুটে বাস পরিচালনা করবে স্বাধীন, বিহঙ্গ, বিকল্প ও শিকড় পরিবহন।

ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানিয়েছেন, শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।

সংশ্লিষ্টদের আশা, নির্দিষ্ট রুটে সমন্বিতভাবে বাস পরিচালনার ফলে অতিরিক্ত বাসের প্রতিযোগিতা, যাত্রী ওঠানামায় বিশৃঙ্খলা এবং সড়কে যানজট কমবে। পাশাপাশি গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার পথও সুগম হবে।