tanaka
প্রচ্ছদজাতীয়রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

আসন্ন রমজানে দেশে খাদ্য সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তাঁর দাবি, দেশের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে তা পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। পরে তিনি নগরীর দেওয়ানহাট সিএসডির গুদাম ঘুরে দেখেন এবং হালিশহর সিএসডির সম্মেলনকক্ষ উদ্বোধন করেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্যের কোনো ঘাটতি নেই। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত মজুত থাকায় খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগের কারণ নেই। সময়মতো জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য সংরক্ষণ, মজুত ব্যবস্থাপনা ও সরবরাহব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রমজানে খাদ্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আফরোজা খানম বলেন, পবিত্র মাসকে সামনে রেখে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। মজুত পর্যাপ্ত থাকায় সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে প্রয়োজনীয় খাদ্যপণ্য সুলভ মূল্যে সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা চলছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন কারণে পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। খাদ্যপণ্যের আমদানি প্রক্রিয়ায় যেসব জটিলতা রয়েছে, সেগুলো দূর করার কাজও চলছে। আন্তর্জাতিক উৎস থেকে খাদ্য সংগ্রহের পরিকল্পনা বাস্তবায়ন এবং সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য বিভাগের জনবলসংকট নিয়ে মন্ত্রী বলেন, বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে এ সমস্যা সমাধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতা দূর করতে সময় লাগতে পারে। তবে এসব সমস্যা কাটিয়ে উঠতে উদ্যোগ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সাইলো পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে আফরোজা খানম বলেন, সরেজমিনে অবকাঠামোর কার্যকারিতা, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং খাদ্য সংরক্ষণব্যবস্থার সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অব্যবহৃত স্থাপনাগুলো পুনরায় কার্যকর করা সম্ভব হলে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে দেশের খাদ্য সংরক্ষণের সক্ষমতাও বাড়বে।

পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।