tanaka
প্রচ্ছদরাজধানীপল্লবীতে দোকানদারকে কুপিয়ে জখম; অস্ত্রসহ গ্রেপ্তার ৩

পল্লবীতে দোকানদারকে কুপিয়ে জখম; অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীর পল্লবীতে একটি ফার্মেসিতে হামলা চালিয়ে দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার সময় অস্ত্রের মহড়া ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পুলিশ বলছে, মিরপুরের দুই সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্ব এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ২২ তলা গার্মেন্টের পেছনে একটি ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে। তবে প্রায় এক সপ্তাহ পর মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি পুলিশের নজরে আসে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা শীর্ষ সন্ত্রাসী ফোর স্টার গ্রুপের সদস্য মশিউর রহমান মশুর অনুসারী। চাঁদা দিতে রাজি না হওয়ায় ফার্মেসিতে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করেননি ভুক্তভোগী দোকানদার।

ঘটনার ভিডিও বিশ্লেষণ করে হামলাকারী দলের তিন সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন—জনি, পারভেজ ও হারুন। তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী দোকানদার আফজাল মোল্লা শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মৃত ইউসুফ মোল্লার ছেলে।

ভিডিওতে অস্ত্র হাতে হামলার দৃশ্য

হামলার প্রায় দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা তিন যুবক এক ব্যক্তির টি-শার্টের কলার ধরে মারধর করছেন। তাদের একজন রামদা দিয়ে ওই ব্যক্তিকে কোপাচ্ছেন। আরেকজন আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দিচ্ছেন। তৃতীয় যুবক দোকান থেকে ব্যাগে করে কিছু নেওয়ার চেষ্টা করছেন।

অন্য একটি ভিডিওতে একটি তরবারি দেখা যায়। তবে সেটি কার হাতে ছিল, তা ভিডিওতে স্পষ্ট নয়। পরে আরও এক যুবক দোকান থেকে কিছু একটা নিয়ে দ্রুত চলে যান।

হামলার সময় ভুক্তভোগীকে বলতে শোনা যায়, ‘আমি কিছু করব না, আমি কিছু করব না বাবা।’ মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ভিডিওতে ওই ব্যক্তিকে রক্তাক্ত হাত চেপে ধরে থাকতে দেখা যায়।

পুলিশের কাছে অভিযোগ করেননি দোকানদার

হামলাকারীরা প্রশাসনকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়ায় আতঙ্কে ভুক্তভোগী পুলিশের কাছে যাননি বলে জানা গেছে। তবে হামলাকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে রিয়াজ, ইব্রাহীম, হারুন, সুজন, সজিব, জুবায়ের ও রাহুলসহ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

পল্লবী থানার ওসি মো. হাসান বাসির বলেন, ঘটনাটি ৩০ সেপ্টেম্বরের। মঙ্গলবার তারা বিষয়টি জানতে পেরেছেন। দোকানদারকে থানায় আসতে বলা হলেও তিনি আসেননি এবং কোনো অভিযোগও করেননি।

ওসি বলেন, মিরপুরের সন্ত্রাসী মশিউর গ্রুপের লোকজন ওই দোকানদারের ফার্মেসিতে হামলা চালিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। দোকানদার আশিক গ্রুপকে সহযোগিতা ও তাদের কাছে তথ্য দেন—এমন অভিযোগের ভিত্তিতে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক

ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, পল্লবীর পলাশ নগর এলাকায় তিনটি মোটরসাইকেলে সাতজনের একটি দল অস্ত্র প্রদর্শন করে মহড়া দেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, সোমবার রাতে বাউনিয়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মহড়া এবং উদ্ধার হওয়া অস্ত্রের উৎস সম্পর্কে জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে অপরাধের অভিযোগ

ডিবি সূত্র জানায়, পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন-মশিউরের পরিচয় ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

ডিবির তথ্যমতে, শীর্ষ সন্ত্রাসী মামুন-মশিউর গ্রুপের নাম ব্যবহার করে কাশেম নামের এক ব্যক্তি এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। এই চক্রের কাছে আরও অস্ত্র রয়েছে বলেও গোয়েন্দা পুলিশ তথ্য পেয়েছে।

ফার্মেসিতে হামলা, অস্ত্রের মহড়া এবং চাঁদাবাজির অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ ও ডিবি।